চকরিয়ায় সড়কের পাশ থেকে ক্ষতবিক্ষত গৃহবধূর লাশ উদ্ধার
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি-কক্সবাজারের চকরিয়ায় সড়কের পাশ থেকে ক্ষতবিক্ষত বুলবুল আক্তার (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ জুন) রাত সাড়ে ৯ টার দিকে চকরিয়া উপজেলার এবিসি সড়কের পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ইদমনি এলাকার স্থানীয় লোকজন সড়কের পাশে ওই গৃহবধূর লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন চকরিয়া থানার এসআই আবুল খায়ের।
তিনি জানান,ওই গৃহবধূর পেটে, পায়ে,হাতে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহত বুলবুল আক্তার বাঁশখালী উপজেলার শেখেরখিল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড টেকপাড়া এলাকার আবদুল করিমের মেয়ে ও একই এলাকার আবদুল গফুরের স্ত্রী।
জানা যায়,মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এবিসি সড়কের পূর্বপাশে এক নারীর লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে থানা পুলিশেকে খবর দিলে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে। চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ ও চকরিয়া থানার ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন,ছুরিকাঘাত করে ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে। তার পেটে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ধর্ষণের ঘটনা ঘটেছে কিনা ময়নাতদন্তের পর জানা যাবে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































